সবুজ বিপ্লবের সূচনা কুমিল্লা বরুড়ায়: ৫ বছরে ২৫ কোটি গাছের স্বপ্ন এখন বাস্তবতার পথে

মোঃআনজার শাহ

একটি গাছ মানে একটি স্বপ্ন  একটি সুন্দর আগামীর প্রতিশ্রুতি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কুমিল্লার বরুড়া উপজেলায় শুরু হলো এক অভূতপূর্ব সবুজ অভিযান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচি যা এই অঞ্চলের পরিবেশ আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক হয়ে উঠতে পারে।

আসন্ন জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চলমান এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল গাছ লাগানোর উদ্যোগ নয় এটি একটি সামাজিক আন্দোলন, একটি প্রজন্মের দায়িত্ববোধের প্রকাশ।
উদ্বোধনের মঞ্চে সবুজের শপথ
কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশাসনের কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞা,
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন,
“জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব আজ আর দূরের কোনো বিষয় নয়, এটি আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি জায়গায় ব্যাপকভাবে গাছ লাগানোর কার্যক্রম হাতে নিয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি সফল হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন,”গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সবসময় পরিবেশ রক্ষায় সচেতন এবং একটি সুন্দর, টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন লালন করেন। তাঁরই দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় বরুড়ায় এই মহৎ উদ্যোগ আজ বাস্তবে রূপ নিয়েছে। আমরা দলীয়ভাবে এই কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানাই এবং তৃণমূল পর্যায়ে এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রতিটি গাছ একটি বিনিয়োগ ভবিষ্যতের জন্য,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম বলেন,
“প্রতিটি গাছ আমাদের ভবিষ্যতের জন্য একটি মূল্যবান বিনিয়োগ। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শুধু পরিবেশ রক্ষা করছি না,  আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পৃথিবী গড়ে যাচ্ছি। এই কর্মসূচিকে সর্বস্তরে ছড়িয়ে দিতে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে গাছ লাগানোর কার্যক্রম পরিচালিত হবে।”

পাঁচ বছরের রোডম্যাপ: সবুজে ঢাকবে বরুড়া
সরকারের পরিবেশ সংরক্ষণ নীতির আলোকে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এই কর্মসূচিতে আগামী পাঁচ বছরে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একটি শক্তিশালী সবুজ বলয় তৈরির সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাস্তার দুই পাশ, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, পতিত জমি এবং সরকারি খাস জমিতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে এই কর্মসূচি বরুড়াকে একটি মডেল সবুজ উপজেলায় পরিণত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
একটি গাছ লাগান একটি জীবন বাঁচান। বরুড়ার এই সবুজ বিপ্লব হোক সারা দেশের অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *