সবুজ মনপুরা গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু মুসা, নির্বাহী অফিসার, মনপুরা উপজেলা, ভোলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কামাল উদ্দিন, মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি, যুবদলের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ হোসেন হাওলাদার।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, রেঞ্জ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মনপুরা উপজেলার পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *