সরকারি জায়গা দখলের চেষ্টা ব্যর্থ, সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও জোরারগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের তিতা বটতলা এলাকায় সরকারি জায়গা অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মোস্তফা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতা বটতলা এলাকায় সরকারি জমি বাউন্ডারি দিয়ে ঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় একজন স্থানীয় সাংবাদিক নিজের ফেসবুক আইডিতে ভিডিওসহ বিষয়টি প্রকাশ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে মিরসরাই উপজেলা ভূমি প্রশাসনের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।

তবে অভিযোগ রয়েছে, এ ঘটনার পর সাবেক পুলিশ ইন্সপেক্টর মোস্তফার ছেলে সোহেল ওই সাংবাদিকের কার্যালয়ে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় যারা মাঠপর্যায়ে কাজ করছেন এবং অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি জমি দখলের অভিযোগ এবং সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে সাবেক পুলিশ ইন্সপেক্টর মোস্তফার সম্পদের উৎস ও আর্থিক সক্ষমতা নিয়েও তদন্তের দাবি উঠেছে। স্থানীয়দের মতে, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

এলাকাবাসী মনে করেন, সরকারি জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্বশীল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *