
মোঃ বাদশা মিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৮নং নোয়াগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানিউচ্চ গ্রামের দীর্ঘদিনের একটি জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, দুই পক্ষের বিরোধ ও সংঘর্ষের জেরে আফজল মিয়া (পিতা: মৃত আব্দুল হাই), হামদু মিয়া ও নান্নু মিয়া (পিতা: মৃত আহমদ মিয়া) দীর্ঘদিনের ব্যবহৃত ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন। অপর পক্ষের রয়েছেন আবু কালাম (পিতা: মৃত লাল মিয়া)।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মুসল্লিরা নিয়মিত মসজিদে যাতায়াতে সমস্যায় পড়ছেন। একই সঙ্গে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া প্রায় ২০০ বছরের পুরোনো একটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতেও বাধার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, এটি বহু বছর ধরে জনসাধারণের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ব্যক্তিগত বিরোধের কারণে জনস্বার্থের এই পথ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত করে জনস্বার্থে রাস্তাটি পুনরায় উন্মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। :::