সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু

সাঈদ হাসান সানি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজানুর রহমান মজনু (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মজনু বিলবালিয়া গ্রামের মরহুম আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি উপজেলার সেঙ্গুয়া শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসেন মিজানুর রহমান মজনু। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষক মজনুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী এবং শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *