সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষায় সরকারের পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট

বিশেষ প্রতিনিধি:

দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে বাধা, সাংস্কৃতিক স্থাপনায় হামলা এবং হুমকির ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ রিট করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি রিটটি দায়ের করেন।

রিটকারী আইনজীবীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের চেষ্টা এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনের স্বাধীন পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘তৌহিদী জনতা’ পরিচয়ে যারা বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, তাদের এ ধরনের তৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী আরও বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালি জাতীয়তাবাদী সত্তা দেশের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে তিনি মনে করেন।

রিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থাপনায় বাধা, হামলা এবং হুমকি প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

তবে রিটের বিষয়ে হাইকোর্টের শুনানি বা পরবর্তী আদেশের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *