সাতকানিয়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কৃষিজমির মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিতে মারাত্মক ক্ষতির বিষয়টি উঠে এসেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলার ১১নং কালিয়াশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া এলাকায় জাফর আহমেদ চৌধুরী কলেজের পাশে SBL/এসবিএল নামের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশবিধি লঙ্ঘন করে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে SBL ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল। এতে একদিকে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হলেও অন্যদিকে জমির প্রাকৃতিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে।

পরিবেশবিদদের মতে, এভাবে মাটি কাটার ফলে জমির উর্বরতা দ্রুত কমে যায়, পানি ধারণক্ষমতা হ্রাস পায় এবং দীর্ঘমেয়াদে ওই জমি অনাবাদি হয়ে পড়ার ঝুঁকি থাকে। একই সঙ্গে আশপাশের এলাকায় ভূমিক্ষয়, জলাবদ্ধতা ও ধুলাবালুর কারণে বায়ুদূষণও বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

SBL ইটভাটায় অভিযান পরিচালনা করেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, কৃষিজমির মাটি কেটে পরিবেশের ক্ষতি করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *