সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমানের মৃত্যু

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর এঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার ওয়াহিদার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আরমান উদ্দিনকে দ্রুত কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরমান উদ্দিন (৩০) সাতকানিয়া উপজেলার ৬ নম্বর এঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার ওয়াহিদার পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরমান উদ্দিন বৈদ্যুতিক কাজের দক্ষ মেকানিক ছিলেন। বুধবার বাড়ির পাশে একটি বাড়িতে বৈদ্যুতিক মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এঁওচিয়ায় আরমান নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর তিনি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *