আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় এসআরবি-৭-এর বিশেষ অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে অটোরিকশার সিটের পেছনে লুকানো স্কচটেপে মোড়ানো একটি ব্যাগ থেকে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ টাকা। এ সময় অটোরিকশার চালক আকিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকিব লোহাগাড়া থানার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে।
পরে ইয়াবা বহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”