সানায় হুথিদের দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের রাজধানী সানায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। এর মধ্যে একটি কেন্দ্র থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জোট।

সোমবার ভোরে পরিচালিত অভিযানে কেন্দ্র দুটি ধ্বংস করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

এর আগে রোববার স্থানীয় সময় রাত ৩টা ৪২ মিনিটে রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করে ধ্বংস করে বলে জানানো হয়। এর প্রায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে অভিযান চালানো হয়।

মেজর জেনারেল মালিকি বলেন, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার জবাবে সুনির্দিষ্ট অভিযানটি পরিচালনা করা হয়েছে। তাঁর দাবি, জোটের এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইন, মানবিক আইন ও প্রচলিত রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়ার মধ্যে এসব ঘটনা ঘটেছে। হামলায় রাজধানী রিয়াদ, দক্ষিণাঞ্চলীয় শহরগুলো এবং পবিত্র নগরী মক্কার কাছাকাছি এলাকাসহ পশ্চিম সৌদি আরবের বিভিন্ন স্থান লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইত ও আহাদ রাফিদা এলাকায় পড়ে একজন সৌদি নাগরিক ও একজন এশীয় প্রবাসী আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্সের মুখপাত্রের তথ্য অনুযায়ী, এতে তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শনিবারও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সে সময় পশ্চিম সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এর মধ্যে মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ওয়াদি আল-মুগাম্মাস এলাকাও রয়েছে। এ ছাড়া জেদ্দার আল-নুঝা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাস্তুরাহ সেন্টারেও ধ্বংসাবশেষ পড়ার খবর জানানো হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি-ইয়েমেনি জোটের দাবি, রোববার তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রিয়াদের দিকে নিক্ষেপ করা দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে। পরে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে নিক্ষেপ করা আরও ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোট।

জোটের তথ্য অনুযায়ী, এর আগের দিন শনিবার তায়েফ, ইয়ানবু ও রিয়াদকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরবের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *