সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী একটি হত্যা মামলায় নারায়ণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

এর ফলে এই মামলায় দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হলো। এর আগে গত ৫ মার্চ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন একই মামলায় উভয় পক্ষের শুনানি শেষে আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, মামলার এজাহারে আইভীর নাম উল্লেখ নেই। এজাহারকারী অয়ন ওসমান ও আজমেরী ওসমানকে চিনতে পারলে আইভীকেও চিনতেন এবং তার নাম উল্লেখ করতেন। তার ভাষ্য অনুযায়ী, তদন্তকারী কর্মকর্তা হয়রানিমূলকভাবে আইভীকে এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন। তারা আদালতে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয় এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় আইভীর বিরুদ্ধে শোন অ্যারেস্টের আবেদন করা হয়। মামলাটি ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে দায়ের করেন, যেখানে ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক নিহত হন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আইভী ফতুল্লা থানার একাধিক হত্যা মামলায় এবং সদর মডেল থানার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পান। গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগের আদেশে তা স্থগিত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *