সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, প্রতিবাদ আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক:

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চাঁদা দিতে অস্বীকার করায় এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে শনিবার দিবাগত মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ করা হয়েছে, চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা সেখানে হামলা চালায়।

এ সময় স্টুডিওর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ ও কক্ষের জিনিসপত্র লুটপাট করা হয়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব ভাঙচুর করে তছনছ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, সালমান মুক্তাদিরের সাহস ও সংযমের প্রশংসা করেছেন সাংবাদিক শহিদুল আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে থাকলে আমি সোজা এই স্টুডিওতে চলে যেতাম এবং এই তরুণকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতাম। শক্ত থাকো ভাই।’

শহিদুল আলম আরও বলেন, সালমানের সাহসিকতার প্রশংসার পাশাপাশি ঘটনার বিচার নিশ্চিত করা এবং চাঁদাবাজির সংস্কৃতির অবসান জরুরি। যারা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ান, তাদের সুরক্ষা দিতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *