সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেপ্তার

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলা, সামারি ট্রায়াল, আদালতের পরোয়ানা, মাদক এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার একজন, সামারি ট্রায়ালের পাঁচজন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত দুজন, ৫৫ পিস ইয়াবাসহ একজন এবং ডাকাতির প্রস্তুতি ও দস্যুতার মামলার দুজন আসামি রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সন্ত্রাসবিরোধী মামলার আসামি মো. নুরুল আমিন (৪৫)। তিনি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মক্কিনগর মাদ্রাসা এলাকার বাসিন্দা।

সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৪০), মামুন গাজী (৩৮), মো. আমির হোসেন (৩৮), মো. হৃদয় হোসেন (২৭) ও মো. আমিনুল ইসলাম মুসা (৪১)। তাঁদের মধ্যে জাকির হোসেন, মামুন গাজী, আমির হোসেন ও হৃদয় হোসেন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। আমিনুল ইসলাম মুসার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার দাসের হাওলা এলাকায়।

সিআর ও জিআর পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুবর্ণা (২৫) ও মো. বাদশা আহম্মেদ (৩৮)। সুবর্ণা সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার এবং বাদশা আহম্মেদ আটি হাউজিং এলাকার বাসিন্দা।

মাদক মামলায় ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন মো. হাসান (২৮)। তাঁর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার আইরোল এলাকায়। বর্তমানে তিনি ঢাকার ডেমরা থানাধীন বড় ভাঙ্গা এলাকার ইব্রাহিম খলিলের বাসায় থাকতেন।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি ও দস্যুতার মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. নাসির উদ্দিন (৩৫) ও মো. আনাছ মিয়া (২৮)। নাসির উদ্দিনের স্থায়ী ঠিকানা সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকায়। আনাছ মিয়ার বাড়ি দিনাজপুরের হাকিমপুর থানার রাটতারা এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় আলিফ মিয়ার মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও পরোয়ানাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশ সুপারের নির্দেশনায় থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *