সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন মাদক কারবারি এবং ৪ জন নারী ছিনতাইকারীসহ (মলম পার্টি) মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:১৫ মিনিট থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬:৩০ মিনিট পর্যন্ত বিহারী ক্যাম্প, আজিবপুর, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় এই চিরুনি অভিযান চালানো হয়।

মাদকবিরোধী অভিযান: অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আল আমিন, ডালিম, নাসরিন ও লুৎফর দেওয়ানসহ ১৮ জনের নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধেই আগে একাধিক মাদকের মামলা রয়েছে।

নারী মলম পার্টি গ্রেফতার: বার্মা স্ট্যান্ড এলাকায় ছিনতাই করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৪ নারী ছিনতাইকারীকে। তারা হলেন— শিল্পী আক্তার, নাসরিন আক্তার, নাসিমা বেগম ও মোর্শেদা বেগম। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এই নারী চক্রটির বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরও পূর্বের অপরাধমূলক রেকর্ড রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মলম পার্টির বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *