সিদ্ধিরগঞ্জে ব্লক রেইড: ৪০০ পুড়িয়া হিরোইন, ৩০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ১৩ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৩ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ওমর ফারুকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ২০২৬ সালের ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা এলাকা, শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকা ও টাইগার মিল মাঠ এলাকায় একযোগে ব্লক রেইড অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে এসব এলাকা থেকে ১৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
দেলোয়ার হোসেন (৫৬), মাসুদ রানা (২৫), মো. দুলাল হোসেন (৩৯), মো. বিজয় (৩০), মো. জুম্মন মোল্লা (৩০), শাকিল (২৮), মো. হৃদয় (১৬), মো. হৃদয় (১৮), আলেয়া বেগম (৬০), মোসা. ফারজানা আক্তার (২৫), রাবেয়া আক্তার (২৫), শাকিল (২২) এবং টিটু (৩০)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে জব্দ করা হয় ৪০০ পুড়িয়া হেরোইন, প্রায় ৩০০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে পুলিশ ধারণা করছে।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। সর্বশেষ অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *