সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁর পিঠে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলামিন নামে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম।
রাকিবুল ইসলামের ভাষ্য অনুযায়ী, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। ঘটনার পর উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।