সীমান্তের ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকার ৩৫ জন তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে ছয় সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।

সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে বেকার তরুণদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার সুযোগ পাবেন বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *