মো. মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবী উপজেলার সীমান্তবর্তী এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি আবুজার রহমান (৩০)। তিনি জয়পুরহাটের পাঁচবিবী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের শাহার উদ্দিনের ছেলে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম আসাদ জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ৩০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আবুজার রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জয়পুরহাটকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার এবং একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, জেলার সর্বত্র, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও বেচাকেনা রোধে ডিবিসহ জেলা পুলিশের সব ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।