বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. তাজুল ইসলাম (ডা. কানদুরো) (৫৫)-এর বিরুদ্ধে স্থানীয়দের হয়রানি, সালিশ-বৈঠকের নামে অর্থ আদায় এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
তাজুল ইসলাম উপজেলার দক্ষিণ চরপাড়া এলাকার মৃত নকিবর মণ্ডলের ছেলে।
এলাকার একাধিক সূত্রের দাবি, মো. তাজুল ইসলাম কয়েকজন বিএনপি নেতাকে সঙ্গে নিয়ে সালিশ-বৈঠকের নামে স্থানীয়দের কাছ থেকে অর্থ আদায় করছেন। অভিযোগ রয়েছে, দাবি অনুযায়ী অর্থ না পেলে তিনি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্র ও কয়েকজন বিএনপি নেতার দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন তাজুল ইসলাম। রাজনৈতিক পটপরিবর্তনের পর অবস্থান পরিবর্তন করে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে কিছু নেতার ছত্রচ্ছায়ায় তিনি এলাকায় নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কায় অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. তাজুল ইসলাম। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, তবে এখন আর রাজনীতি করি না।’
আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পদত্যাগ না করলেও শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি নিজের মতো করে চলাফেরা করছেন। কারও ওপর হয়রানি বা কোনো অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও নাকচ করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জু মাস্টারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে যুক্ত করা হবে।