আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক ‘অতি জরুরি বিজ্ঞপ্তিতে’ দূতাবাস এ সতর্কবার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও বা তথ্য ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ। তাই পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে এ ধরনের ছবি, ভিডিও ও তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলতে হবে। পাশাপাশি দেশটির আইনকানুন মেনে চলার এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য দূতাবাসের নির্ধারিত হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—
- শ্রমসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৫
- পাসপোর্টসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৬
- ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪
- মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
এ ছাড়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য ও হালনাগাদ নির্দেশনা পেতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের ফেসবুক পেজ: https://www.facebook.com/bdembassyriyadh