স্বপ্ন দেখতে হবে বড়, সততাই হবে পথচলার সঙ্গী” বরুড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন ইউএনও আসাদুজ্জামান রনি

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন প্রধান অতিথি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ইউএনও আসাদুজ্জামান রনি। তিনি বলেন, শিক্ষাজীবনে অর্জিত প্রতিটি সাফল্য ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের মজবুত ভিত্তি গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে শৃঙ্খলা, সততা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান। পাশাপাশি নিজেকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

প্রযুক্তির যুগে সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট না করে জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে। তাঁর ভাষায়, স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মুহূর্তে করতালিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এমন আয়োজন এবং ইউএনওর অনুপ্রেরণামূলক বক্তব্য তাদের ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে নতুন উদ্যম জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *