অনলাইন ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে, গত সোমবার (২৩ নভেম্বর) গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করে ডিবি। তিনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার হিসেবে কর্মরত এবং ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল হাসানকে ঘিরে নানা আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে ওই অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার দাবি করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।