কামরুল ইসলাম:
হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামে এক যুবককে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়ার মৎস্য হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরাফাত উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকার মোহাম্মদ আইয়ুবের ছেলে।
জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহত আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আরাফাতের মুখে শটগানের গুলি লাগে। তবে আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। চিকিৎসা শেষে আরাফাতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।