হাসপাতালের পরিবর্তে চলন্ত বাসেই নবজাতকের জন্ম

মোঃ আনজার শাহ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক নারী। পরে বাসের যাত্রী, চালক ও স্টাফদের সহযোগিতায় বাস থামিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই নারী বাসে ওঠেন। পথে জগৎপুর বাজার পার হওয়ার পর তার স্বামী বাসচালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।

পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি চালককে বাস থামানোর অনুরোধ করেন। এ সময় তিনি জানান, তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে বাসের এক যাত্রী ও অন্যরা এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের একটি হাসপাতালে যোগাযোগ করা হয়।

হাসপাতালের নার্সদের নিয়ে বাসে ফিরে আসার পর তারা দেখতে পান, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ অবস্থায় প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে বাসেই নবজাতকের জন্ম হয়। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, নবজাতকটি ছেলে।

এদিকে বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় চালক ও স্টাফদের কিছুটা অসুবিধা হলেও যাত্রীদের অনুরোধে তারা অপেক্ষা করেন। পরবর্তী সময়ে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে।

এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। একজন মায়ের সংকটময় মুহূর্তে যাত্রীদের সম্মিলিত সহযোগিতা ও পরিবহনসংশ্লিষ্টদের মানবিক আচরণ প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ কাছাকাছি থাকায় ওই নারী স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন; পথিমধ্যেই তার প্রসবব্যথা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *