ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। পরে হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
সহপাঠী ও হল সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুরাদকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
বিষয়টি নিশ্চিত করে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছেন।
রোববার সকাল ৯টায় শহীদুল্লাহ হল মাঠে মুরাদুল ইসলাম মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়।
মুরাদের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্নাতক শেষ করার আগেই তার এমন মৃত্যুতে সহপাঠী ও স্বজনরা শোকাহত।
এদিকে, মুরাদুল ইসলাম মুরাদের রুহের মাগফিরাত কামনা করে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।