বিনোদন ডেস্ক:
বিয়ের প্রস্তাব নিয়ে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি জানিয়েছেন, তাঁদের বিয়ের সিদ্ধান্তকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বাস্তবতা তেমন নয়। বরং একে অপরকে ভালোভাবে বুঝে, ভেবেচিন্তেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হন বিজয় ও রাশমিকা। সেখানে তাঁদের বিয়ের প্রস্তাবের গল্প জানতে চান সঞ্চালক। এ সময় রাশমিকা জানান, একসময় তিনি বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। জবাবে বিজয় মজা করে বলেছিলেন, একই কথা নাকি তাঁকে ১০০ বার বলতে হবে। তাঁদের কথোপকথনের এ অংশ সামনে আসার পর বিজয়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। কেউ কেউ মন্তব্যটিকে স্ত্রীর প্রতি অবজ্ঞা হিসেবেও দেখেন।
বিতর্কের পর ইনস্টাগ্রামে দীর্ঘ বক্তব্য দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাশমিকা। তাঁর মতে, তাঁদের কথোপকথনের মূল বিষয়টি না বুঝেই অনেকে শুধু ১০০ বার বলা কিংবা এক বছর সময় নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
রাশমিকা লেখেন, “প্রথমেই বলে রাখি, বিষয়টি কখনোই কতবার বলা হয়েছিল কিংবা পুরো এক বছর সময় নেওয়া নিয়ে ছিল না। আপনারা সেখানেই আটকে গেছেন। হ্যাঁ, এমন কথোপকথন হয়েছিল। কিন্তু আমাদের কেউই জাঁকজমকপূর্ণ কোনো প্রস্তাবের অপেক্ষায় ছিলাম না।”
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরকে ভালোভাবে বোঝার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, জীবনের উত্থান-পতন, আনন্দ ও চাপের মুহূর্তগুলোতে তাঁরা একে অপরকে বুঝতে যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছেন। তাঁরা সত্যিই বিয়ে করতে চান কি না এবং সেটি করার উপযুক্ত সময় কি না, তা নিশ্চিত হওয়াই ছিল মূল বিষয়।
শেষ পর্যন্ত দুজন সম্মিলিতভাবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে রাশমিকা লেখেন, “আর আমরা তা-ই করেছি। আমরা একে অপরকেই বেছে নিয়েছি। আমি পুরোপুরি আবেগ দিয়ে ভাবি, আর বিজয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। আমাদের জীবনে একে অপরের এই গুণগুলো প্রয়োজন।”
বিজয়ের প্রতি ভালোবাসার কথা জানিয়ে রাশমিকা বলেন, তাঁদের কাছে বিয়ে কখনোই শুধু প্রস্তাব দেওয়া, এক হাঁটু গেড়ে বসা কিংবা আঙুলে আংটি পরানোর বিষয় ছিল না। এগুলো বাহ্যিক আয়োজন মাত্র। তাঁদের কাছে বিয়ের অর্থ ছিল একসঙ্গে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা।
সমালোচকদের উদ্দেশে তিনি লেখেন, “এমন একজন মানুষ খুঁজুন, যার জন্য আপনি যেকোনো পর্যায়ে যেতে পারবেন এবং যে আপনার জন্যও একই কাজ করবে। আর হ্যাঁ, আমি আমার মানুষটিকে নিয়ে ভীষণ মুগ্ধ। এটা কখন থেকে খারাপ হয়ে গেল?”
বিজয়কে নিজের জীবনের দীর্ঘ পথচলার সঙ্গী উল্লেখ করে রাশমিকা আরও লেখেন, “আমি যাকে বিয়ে করছি, তার প্রেমে যদি গভীরভাবে না-ই পড়ি, তাহলে তাকে বিয়ে করব কেন? তিনি সারা জীবনের সঙ্গী হবেন। সাধারণ ও অসাধারণ প্রতিটি দিনের বন্ধু, আমার সন্তানের বাবা এবং সেই মানুষ, যার সঙ্গে আমি বৃদ্ধ হতে চাই।”
সমালোচকদের জবাবে নিজের অবস্থান আরও স্পষ্ট করে রাশমিকা বলেন, “এমন একজন মানুষ খুঁজুন, যিনি আপনাকে এত সুন্দরভাবে ভালোবাসবেন যে বিয়ের পরও তাকে বলতে ইচ্ছা করবে, চলো আবার বিয়ে করি। আমি হাজারবারও একই কাজ করব। সেখানে ১০০ বার কিছুই নয়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও পরামর্শের বিষয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, তাঁদের অ্যাকাউন্টে অসংখ্য মতামত, মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত পরামর্শ এসেছে। যেভাবে তাঁদের আক্রমণ করা হয়েছে, তাতে তিনি বিস্মিত হয়েছেন।
রাশমিকা লেখেন, “আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমি জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুখী। আমার মুখে, বিয়ের পরের আনন্দে, আমার অভিনয়ে, সিনেমায় এবং জীবনযাপনে সেই সুখ দেখতে পাবেন বলে আশা করি। আমি সুখী, তৃপ্ত এবং নিজেকে ভাগ্যবান মনে করি।”
উল্লেখ্য, প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। সম্প্রতি ‘রানাবালি’ সিনেমায়ও আবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।