১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন, নতুন নির্দেশনা এনবিআরের

বিশেষ প্রতিনিধি:

ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), সিগারেট ও মোবাইল ফোনসহ ১১টি নির্দিষ্ট খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব খাতের নিবন্ধিত প্রতিষ্ঠানকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে।

এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

এনবিআরের নির্ধারিত তালিকায় থাকা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত খাতের নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা অনুসরণ করতে হবে।

আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসায় যুক্ত থাকলেও তার জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান প্রযোজ্য হবে।

এনবিআর জানিয়েছে, অনলাইনে দাখিলপত্র পেশের বিষয়ে এর আগে জারি করা সংস্থাটির বিভিন্ন নির্দেশনা এই আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে।

তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত খাতের তালিকায় নতুন কোনো খাত যুক্ত করা কিংবা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।

নতুন এই নির্দেশনার ফলে নির্ধারিত ১১ খাতের প্রতিষ্ঠানগুলোর ভ্যাট রিটার্ন দাখিলের প্রক্রিয়া অনলাইনভিত্তিক ব্যবস্থার আওতায় আরও বিস্তৃত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *