১৯২ স্বাস্থ্যকেন্দ্র পরিচালনায় ৪১ কোটি টাকার বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

দেশের ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার অধীন ১৯২টি নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনার জন্য ৪১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৬ টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম নয় মাসে এসব স্বাস্থ্যকেন্দ্রের পরিচালন ব্যয় নির্বাহে এ অর্থ চাওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখা থেকে গত ১২ অক্টোবর অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ বরাদ্দের অনুরোধ জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার ১৯২টি নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। এসব কেন্দ্র সংশ্লিষ্ট সিভিল সার্জনের মাধ্যমে গ্রহণ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রগুলোর কর্মীদের বেতন-ভাতা, ওষুধ, চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য পরিচালন ব্যয়ের জন্য এ অর্থ চাওয়া হয়েছে।

চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড সৃষ্টি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট সিভিল সার্জনদের অনুকূলে অনুমোদনের মাধ্যমে ন্যস্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের সচিবকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *