নিজস্ব প্রতিবেদক:
২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর।
বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি পরীক্ষার্থীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে। শুধু ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র রয়েছে—এমন মাদ্রাসা থেকেই প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।
প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। কোনো অতিরিক্ত বিষয় নেওয়ার সুযোগ থাকবে না। তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে এবং এই মেয়াদ কোনোভাবেই নবায়ন করা যাবে না।
রেজিস্ট্রেশন ফি ২৪১ টাকা
অনলাইনে ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, যা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফি সফলভাবে জমা দেওয়ার পর পরীক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে। এরপর ১৫ সেপ্টেম্বরের মধ্যে ই-এসআইএফ এন্ট্রি সম্পন্ন করতে হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পরীক্ষার্থীর সব তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে। তথ্য প্রিন্ট করে যাচাই-বাছাইয়ের পর কোনো ভুল থাকলে সম্পাদনা অপশনের মাধ্যমে সংশোধন করা যাবে।
যেভাবে রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশনের জন্য যেকোনো ব্রাউজার থেকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ই-এসআইএফ অপশনে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ও এন্ট্রি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পেমেন্ট অপশনে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
বোর্ড জানিয়েছে, ডাকযোগে বা সরাসরি কোনো আবেদনপত্র কিংবা ফরম গ্রহণ করা হবে না। সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে নির্ধারিত নিয়মে সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন ফি পরিশোধ বা তথ্য এন্ট্রির ক্ষেত্রে কোনো কারিগরি সমস্যা হলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক নির্ধারিত সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ ও ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে।