৫০ হাজার থেকে ১ লাখ টাকায় অবৈধ গ্যাস সংযোগ!’ কদমতলীতে উপসহকারী প্রকৌশলীর ছত্রছায়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কদমতলী থানার পলাশপুর ৪ নম্বর রোড এলাকায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ কাজে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়া রয়েছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী শাফায়াতের প্রভাব ব্যবহার করে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে টিপু ও নয়ন নামে কথিত তিতাস গ্যাসের ঠিকাদার পরিচয়দানকারী দুই ব্যক্তি এ কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, প্রতিটি বাড়ি থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করে অবৈধভাবে ১ ইঞ্চি লাইনের পরিবর্তে ২ ইঞ্চি পাইপ স্থাপন করা হচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত টিপু ও নয়ন কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে, উপসহকারী প্রকৌশলী শাফায়াতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রথমদিকে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের আরও অভিযোগ, রায়েরবাগ তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী শাফায়াত। তিনি বলেন, এ ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। বরং কথিত তিতাস গ্যাসের ঠিকাদার টিপু ও নয়নের বিরুদ্ধে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগেরও চেষ্টা চলছে। ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

তিনি আরও দাবি করেন, টিপু ও নয়ন দীর্ঘদিন ধরে তাঁর নাম ভাঙিয়ে অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *