৭ অক্টোবরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক:

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি মাউশির এইচআরএম ইউনিট থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত করার কাজ চলছে।

এতে আরও বলা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে হবে। ছকে কার্যালয়ের নাম, পদের নাম বাংলা ও ইংরেজিতে, ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

মাউশির চিঠিতে নির্ধারিত তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *