তদারকির অভাবে শুভপুর ইউনিয়ন পরিষদের রাস্তায় নির্মাণাধীন ব্রিজে চরম অনিয়ম, ইট–বালু–রডে পাটল, ঝুঁকিতে জননিরাপত্তা

ইমাম হোসেন ইমন:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কইয়ারা দীঘি সংলগ্ন দারোগার হাট এলাকায় ইউনিয়ন পরিষদের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ রাস্তায় নির্মাণাধীন ব্রিজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজ নির্মাণকাজে পাটল হিসেবে মানসম্মত সাটারিংয়ের পরিবর্তে ইট, বালু ও রড ব্যবহার করা হচ্ছে, যা প্রকৌশল নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কোনো কার্যকর তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান খরচ বাঁচাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে কাজ চলতে থাকলে ব্রিজটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।

এলাকাবাসীর দাবি, ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন এই রাস্তাটি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করে। সেখানে এমন দায়সারা কাজ জনজীবনের জন্য মারাত্মক হুমকি। অথচ কাজ চলাকালীন কোনো প্রকৌশলী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি চোখে পড়েনি।

স্থানীয়রা আরও জানান, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে প্রকল্পে দুর্নীতি ও অবহেলার অভিযোগ আরও জোরালো হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর জোর দাবি, দ্রুত নির্মাণকাজ বন্ধ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়মের সত্যতা যাচাই, দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত সামগ্রী ব্যবহার করে পুনরায় কাজ শুরু করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *