ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবেদন শুরু, শেষ সময় ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘সার্ভিসেস’ থেকে ‘রি-ইভ্যালুয়েশন’ অপশনে গিয়ে অথবা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের পর পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে।

এ ছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ ও রকেট এবং আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস ও মাস্টারকার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজেদের হিসাব থেকেও অনলাইনে টাকা স্থানান্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড ও ফি জমা দেওয়া যাবে না।

ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে পরবর্তী সময়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের সময় পত্র কোড সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভুল পত্র কোড দিয়ে আবেদন করলে পরে তা সংশোধনের কোনো সুযোগ থাকবে না।

প্রকাশিত ফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রতিপত্রে ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *