মোঃ মশিউর রহমান:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদারের প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে এবং বাদ জোহর ভিয়াইল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
তিনি সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল গ্রামে।
শফিকুল ইসলাম তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেওয়া হয়।
জানাজার আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মজনু মিয়া এবং কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো। দাফনের পরেও বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটো মরহুমের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।