এস এম মাসুদ রানা:
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন নারী আহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন— খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের নায়েবের বাড়ি এলাকার ওয়াখিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লিপি, বিলকিস ও দীনা সুলতানা (২৭) সহ কয়েকজন মিলে বাড়ির পার্শ্ববর্তী বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন। নদীর ওই অংশে প্রবল স্রোত থাকায় তারা ভারসাম্য রাখতে পারেননি। স্রোতের টানে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকলে আশেপাশের লোকজন দ্রুত উদ্ধার চেষ্টা চালায়।
এ সময় দীনা সুলতানাকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও লিপি ও বিলকিস স্রোতে নিখোঁজ হন। পরে স্থানীয়রা দীর্ঘ খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। আহত দীনা সুলতানাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বাদ এশা নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। মরহুমাদের জানাজা নামাজে অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আ. স. ম. হান্নান শাহ পুত্র, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান এবং কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা উপস্থিত ছিলেন।
একই গ্রামের দুই নারীর আকস্মিক মৃত্যুতে খিরাটি ও সনমানিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।