গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ‘ক্লিনিং ডে’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলা হাসপাতালে সপ্তাহে একদিন ‘ক্লিনিং ডে’ উদযাপন করা হবে। ধীরে ধীরে জেলার সব সরকারি হাসপাতালেই এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা সরকারি হাসপাতালগুলোকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের জীবনের অসহায় মুহূর্তের একমাত্র ঠিকানা হলো সরকারি হাসপাতাল। এই ঠিকানাকে যদি আমরা পরিচ্ছন্ন ও সেবামুখী রাখতে পারি, তাহলে তা মানুষের আস্থা অর্জন করবে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোর পরিবেশ অনেক সময় অস্বাস্থ্যকর থাকে—আমরা সেই চিত্র বদলাতে চাই।”

তিনি আরও বলেন, “এই পরিবর্তন আমাদের নিজেদের থেকেই আনতে হবে। কারণ, আমরাই পরিবেশ নোংরা করছি। যেহেতু আমরাই করছি, আমাদের মধ্যেই পরিবর্তন আনতে হবে। দোষারোপ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। জেলার প্রতিটি উপজেলা হাসপাতালে এবং সব সরকারি অফিসেও ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। সরকারি অফিসগুলোকে আমরা মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ. এফ. এম. মুশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর এবং ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *