সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গিয়ে পাখি শিকার করে রান্না, যুবকের দণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত পাখি শিকার ও রান্নার ভিডিও ভাইরাল হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবকের সাজা হয়েছে। ঘুঘু ও শালিক—এই দুটি সংরক্ষিত প্রজাতির পাখি শিকার করে রান্না করে খাওয়ার দৃশ্য নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন বায়েজিদ আমীন (২৭)। তার এ ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা নজরে আসে প্রশাসন ও বন বিভাগের।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযুক্ত বায়েজিদ আমীন স্থানীয় বাসিন্দা মো. মাসুম বিল্লাহর ছেলে। আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়েজিদ প্রায় ২০টি ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করে খাওয়ার পর সেটির ভিডিও ফেসবুকে আপলোড করেন। ভিডিওটি ভাইরাল হলে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। সংরক্ষিত পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা মামলার প্রসিকিউশন দাখিল করেন। প্রাণিপ্রেমী সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’-র সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
স্থানীয় পরিবেশবাদী ও প্রাণিপ্রেমীরা এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন—প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি। একটি পাখির জীবন বাঁচানো মানে পুরো একটি বাস্তুতন্ত্রকে রক্ষা করা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আইনি ব্যবস্থা মানুষকে প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *