স্বাধীন সংবাদ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতায় আগামী বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ছয়টি দলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। একই দিনে নতুন নিবন্ধন পাওয়া জাতীয় নাগরিক পার্টি–এনসিপি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–কেও ডাকা হয়েছে।
সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলমান চার দিনের সংলাপে—বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার—মোট ৪৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল হয়েছে।
ইসি জানায়, বুধবার সংলাপ দুই পর্বে অনুষ্ঠিত হবে। সকালে যে ছয়টি দলকে ডাকা হয়েছে তারা হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
দুপুর ২টা থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের আলোচনা। এ পর্বে সংলাপে অংশ নেবে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
প্রসঙ্গত, মূলত বুধবার সকালে জামায়াতের সঙ্গে সংলাপের কথা থাকলেও পরবর্তীতে সময় পরিবর্তন করা হয়।
ইসি সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত, দাবি এবং উদ্বেগ শোনাই এই সংলাপের প্রধান উদ্দেশ্য। কমিশন মনে করে, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা প্রয়োজন।