ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সিদ্ধিরগঞ্জের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলো পরিদর্শন করেছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে তিনি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও হাউজিং এলাকায় রাজউক, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তাদের একটি টিম নিয়ে এই কার্যক্রম পরিদর্শন করেন।
ভবন পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ‘সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে এখন পর্যন্ত ২৫টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে পৌঁছায়নি।
আমাদের ধারণা, ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরো বাড়তে পারে।’
পোশাক কারখানা সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি পোশাক কারখানার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যান্য ভবন সম্পর্কে সঠিক তথ্য পেতে মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ সময় সিটি স্কুল কর্তৃপক্ষকে তাদের একটি নকশাবহির্ভূত ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন জেলা প্রশাসক।