ক্যান্সারে আক্রান্ত ইয়াছিনের পাশে থাকার অঙ্গীকার ১২ নং আড্ডা ইউনিয়ন ছাত্রদলের

মোঃতোফাজ্জ হোসেন :

কুমিল্লার বরুড়া উপজেলার ১২ নং আড্ডা ইউনিয়নের পিলগিরী গ্রামের ক্যান্সারে আক্রান্ত মো. ইয়াছিনের পরিবারকে ঘিরে এক হৃদয়বিদারক মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের ভাষ্যমতে তিনি বর্তমানে জীবনের শেষ পর্যায়ে রয়েছেন। চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন—এ মুহূর্তে আর কার্যকর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই।
এই কঠিন সময়ে ইয়াছিনের পরিবারকে পাশে থাকার অঙ্গীকার করেছে কুমিল্লা বরুড়া ১২ নং আড্ডা ইউনিয়ন ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দিদার হোসেন গণমাধ্যমকে জানান, “এই পরিবারের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব। এটি শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, মানবিক দায়ও।”
স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইয়াছিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। শারীরিক যন্ত্রণা, মানসিক চাপ আর পারিবারিক দুশ্চিন্তা—সব মিলিয়ে তার পরিবার আজ চরম অনিশ্চয়তার মুখে। তিনি তিন সন্তানের জনক। বড় ছেলে সদ্য হাফেজি পড়া শুরু করেছে। বাকি দুই সন্তান এখনও খুব ছোট। বাবার এই অবস্থায় তাদের ভবিষ্যৎ নিয়ে পরিবারটি গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে।
একজন মানুষ যখন জানতে পারে, খুব শিগগিরই তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হতে পারে—তখন তার শারীরিক, মানসিক ও পারিবারিক অবস্থার গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন। ইয়াছিনের পরিবার এখন সেই বাস্তবতার মধ্য দিয়েই দিন পার করছে।
এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল। তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ইয়াছিন ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *