স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মাত্র ৩০ শতাংশ মানুষকে চাকরি দেওয়া হলেও বেকারত্ব সমস্যার সমাধান করা সম্ভব। তিনি জানান, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দিপু ভূঁইয়া এসব কথা বলেন। সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও হিসাব বিবরণী উপস্থাপন করা হয়।
দিপু ভূঁইয়া বলেন, “নারায়ণগঞ্জে যদি শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজন অনুযায়ী ৩০ শতাংশ লোককে চাকরি দেওয়া হয়, তাহলে বেকারত্ব সমস্যার অবসান হবে। এটি আমাদের প্রধান লক্ষ্য। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন উদ্যোগ ও আলোচনা শুরু করেছি।”
তিনি সভায় নারায়ণগঞ্জ শহরের যানজটের সমস্যাকেও তুলে ধরেন। তিনি বলেন, “যানজটের কারণে নারায়ণগঞ্জ একসময় অচল শহরে পরিণত হয়েছিল। কেউ শহরের ভেতরে ঢুকতে বা বাইরে যেতে পারত না। এতে প্রচুর সময় নষ্ট হতো এবং ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। চেম্বার অব কমার্স ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর আমরা শহরের যানজট নিরসনের জন্য খণ্ডকালীন কমিউনিটি পুলিশ নিয়োগ করেছি, যা কিছুটা হলেও যানজট কমাতে সহায়ক হয়েছে।”
মেট্রো রেল সংযোগ বিষয়ে দিপু ভূঁইয়া বলেন, “নারায়ণগঞ্জে মেট্রো রেল সংযোগের বিষয়ে বিভিন্ন মহল বিভিন্ন সময় নানা ধরনের কথা বলছে। এ কারণে আমরা রেল মন্ত্রণালয়ে পৌঁছেছি এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি যোগাযোগ করছি। আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জবাসী যাতে সহজে ঢাকা যেতে পারে, তা নিশ্চিত করা।”
গ্যাস সংকটের বিষয়েও তিনি আলোকপাত করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জের ওপর দিয়ে যে গ্যাস লাইন গেছে, তা থেকে বিভিন্ন এলাকায় সংযোগ দেওয়া হওয়ায় আমাদের শিল্প প্রতিষ্ঠান পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। ফলে অনেক শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম ঠিকমতো চালাতে পারছে না। আমরা বিষয়টি বিভিন্ন গ্যাস সংক্রান্ত দপ্তরে নিয়ে আলোচনা করছি এবং নিশ্চিত করতে চাই যে, নারায়ণগঞ্জকে দেওয়া গ্যাসের পরিমাণ যথাযথভাবে সরবরাহ করা হবে।”
দিপু ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ দেশের জিডিপির প্রায় ৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে, অথচ এখনও এটিকে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে রাখা হয়েছে। আমরা চেম্বারের পক্ষ থেকে এই জেলার মর্যাদা ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাব।”
তিনি সভায় আরও জানান, নারায়ণগঞ্জের শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন, নাগরিক সুবিধা ও পরিবেশগত উন্নয়নের জন্য চেম্বার অব কমার্স বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ করছে। তাঁর মতে, শিল্প, বেকারত্ব ও পরিবহন সমস্যার সমাধান হলে নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও কর্মসংস্থানপূর্ণ জেলা হিসেবে গড়ে উঠবে।