সজল আলীর বিয়ের গুঞ্জন

স্বাধীন বিনোদন ডেস্ক:  

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সজল আলী ও উদীয়মান তারকা হামজা সোহাইলকে ঘিরে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে—এই জনপ্রিয় অন-স্ক্রিন জুটি নাকি ২০২৬ সালের শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি, তবুও ভক্তদের আগ্রহ ও কৌতূহলের যেন শেষ নেই।

সজল আলী পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও বহুল আলোচিত অভিনেত্রী। ‘ইয়াকিন কা সাফর’, ‘ও রংরেজা’, ‘সিনফ-ই-আহান’ এবং ‘ম্যায় মান্তো নেহি হুঁ’–এর মতো জনপ্রিয় নাটকে তার সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, হামজা সোহাইল অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। ‘ফেয়ারি টেল’ (সিজন ১ ও ২), ‘জর্দ পট্টন কা বুন’, ‘বার্নস রোড কে রোমিও জুলিয়েট’ ও ‘দিল ওয়ালি গলি মেইন’ নাটকে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়।

সজল ও হামজার প্রথম অন-স্ক্রিন জুটি হিসেবে দর্শকদের নজর কাড়ে ‘জর্দ পট্টন কা বুন’। নাটকটিতে তাদের রসায়ন দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। পরবর্তীতে ‘দিল ওয়ালি গলি মেইন’-এ আবারও একসঙ্গে অভিনয় করে তারা এই জুটিকে আরও জনপ্রিয় করে তোলেন। অনেক ভক্তই মনে করেন, পর্দার এই বোঝাপড়ার পেছনে বাস্তব জীবনেও বিশেষ বন্ধন থাকতে পারে।

সম্প্রতি একাধিক ইনস্টাগ্রাম পেজ ও ফ্যান অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, দুজন নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এসব খবরে সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, “আমি জানতাম একদিন এটা হবে”, আবার কেউ মন্তব্য করেছেন, “সজল এমন একজন মানুষই ডিজার্ভ করে—হামজা ভদ্র ও বিনয়ী।”

সব মিলিয়ে, গুঞ্জন সত্যি হোক বা না হোক—সজল আলী ও হামজা সোহাইলের সম্ভাব্য বিয়ে নিয়ে ভক্তদের ভালোবাসা ও আগ্রহ যে এখন তুঙ্গে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *