ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

স্বাধীন সংবাদ ডেস্ক:   

ঢাকা-১৭ আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এই আসনের তিনটি বস্তির মানুষদের পুনর্বাসনের বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মী ও পেশাজীবীরা অংশ নেন। স্থানীয় নেতাকর্মীরা সভায় নাগরিক সমস্যাসহ ভোটারদের দৈনন্দিন দুর্ভোগ তুলে ধরেন, যা মনোযোগ দিয়ে শুনেছেন তারেক রহমান।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “এদিন তারেক রহমান দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিলিত হয়েছেন। বিশেষ করে ঢাকা-১৭ আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন।”

সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, “সভায় পলিসি নির্ভর আলোচনা হয়েছে। ভোটারদের পক্ষ থেকে যে ধরনের সমস্যা উঠে এসেছে, সেগুলো আমাদের চেয়ারম্যান নিজে নোট করেছেন। ঢাকা-১৭ আসনে দুই ধরনের ভোটার রয়েছেন। একটি হলো সমাজের উচ্চবিত্ত, আর অন্যটি হলো নিম্নবিত্ত, যারা মূলত দরিদ্র। এই আসনে কয়েকটি বস্তি রয়েছে এবং তাদের সমস্যা সম্পূর্ণ আলাদা।”

স্থানীয় সমস্যাগুলো মনোযোগ দিয়ে নোট নেওয়া হয়েছে। বিশেষভাবে বস্তিতে বসবাসরতদের জন্য তারেক রহমান একটি নীতি গ্রহণ করেছেন। যেসব মানুষ গত ৩–৫ বছর ধরে এই তিনটি বস্তিতে বসবাস করছেন, তাদের বসবাসের স্থানে পুনর্বাসনের পরিকল্পনা করা হবে। এছাড়া শব্দদূষণ, যানজট ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোও আলাদাভাবে নোট করা হয়েছে।

সভায় স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম ত্বরান্বিত করার জন্য। তারা এলাকার ভোটার ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করবেন। স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিএনপি ভবিষ্যতের নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে।

ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে দল সরকার গঠনের পর স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *