থানা থেকে লুট হওয়া দুই আগ্নেয়াস্ত্র শাহরাস্তি থেকে উদ্ধার,মুখ্য ভূমিকায় এএসআই সাদ্দাম

মোঃ আনজার শাহ:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিএমপি খিলক্ষেত থানা এলাকা থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত (২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের পরিকল্পনা, সমন্বয় ও মাঠপর্যায়ের নেতৃত্বে ছিলেন শাহরাস্তি থানায় কর্মরত এএসআই সাদ্দাম হোসাইন।

পুলিশ সূত্র জানায়, লুট হওয়া অস্ত্রগুলো শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য প্রথম হাতে পান এএসআই সাদ্দাম হোসাইন। তথ্যটি যাচাই-বাছাই করে তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে অভিযানের একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করেন।

পরিকল্পনার অংশ হিসেবে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে অভিযানিক দল গঠন করা হয়। অভিযানের সময় ও প্রবেশপথ নির্ধারণ, সদস্যদের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং তল্লাশির কৌশল নির্ধারণে সরাসরি দায়িত্ব পালন করেন এএসআই সাদ্দাম হোসাইন। তার পরিকল্পনায় নীরব ও সতর্ক পদ্ধতি গ্রহণ করা হয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রাতের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলমগীর হোসেনের বাড়ির পূর্ব পাশে অবস্থিত টিনশেড চৌচালা ঘরে তল্লাশি চালায়। এএসআই সাদ্দামের তত্ত্বাবধানে পরিচালিত তল্লাশিতে শাহ সিমেন্টের একটি ব্যাগের ভেতর থেকে একটি ৯ এমএম তরাশ পিস্তল ও একটি ৭.৬২ এমএম পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত সোল্ডার সিগন্যাল লাইট, বেল্ট, গ্যাসমাস্ক, সুরক্ষা চশমাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এএসআই সাদ্দাম হোসাইনের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত সব মালামাল থানার হেফাজতে নেওয়া হয়। অভিযানে জড়িত সন্দেহে লাভলী বেগম ও তার ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে শাকিলকে আটক করা হয়।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, পুরো অভিযানটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় মাঠপর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ ও সতর্ক কর্মকর্তার উপস্থিতি জরুরি ছিল। এএসআই সাদ্দাম হোসাইন পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিটি ধাপে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, যা অভিযানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *