গাংনী প্রতিনিধি:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামার এলাকায় এক দম্পতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন হাসিবুল ও তার স্ত্রী রজিনা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা রাতের অন্ধকারে বাইরের লোকজনকে ফোন করে ডেকে এনে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে থাকেন।
স্থানীয়দের দাবি, দম্পতির এই কার্যক্রমে এলাকার যুবসমাজ ক্রমশ মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। গ্রামবাসী অভিযোগ করেন, একাধিকবার তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও তারা অল্প সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়ে আবার একই কর্মকাণ্ডে যুক্ত হন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগের মাত্রা দিন দিন বাড়ছে।
স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে তারা সরাসরি সন্দেহজনক লেনদেনের দৃশ্য দেখতে পান। এছাড়া প্রতিবাদ করলে অভিযুক্ত দম্পতি দা, হাসুয়া ও লাঠি নিয়ে স্থানীয়দের এবং সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা করেন বলে জানা গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে গাংনী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। থানার পুলিশ জানায়, “মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেন, হাসিবুল ও রজিনা সরকারি খামারের জমি অবৈধভাবে দখল করে বসতঘর নির্মাণ করেছেন। খামারের দায়িত্বপ্রাপ্ত পাহারাদার বাধা দিতে গেলে তাঁকে মারধরের হুমকিও দেওয়া হয়। প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
গ্রামবাসীর দাবি, দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত দম্পতিকে আইনের আওতায় আনা এবং সরকারি খামারের জমি মুক্ত করতে হবে, নইলে এলাকায় অনিরাপত্তা ও ভয়াবহ পরিস্থিতি আরও প্রকট আকার নিতে পারে।