হাসান আলী:
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বহিস্কার ও অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কয়েকটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, গাজীপুর মহানগর ও জেলা, ফরিদপুর মহানগর, লালমনিরহাট, সাতক্ষীরা, শেরপুর, সিরাজগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন ইউনিটের নেতাদের বহিস্কার ও পদস্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী মর্তুজা খান, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপন, চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা শাখার সাবেক সদস্য সচিব মো. শহীদুল ইসলাম শহিদ, কোতওয়ালী থানা শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ আবিদসহ বিভিন্ন জেলার উপজেলা ও পৌর শাখার নেতারা।
এছাড়া বরিশাল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম জনির অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়েছে এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ইসলামের পদস্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।
অন্যদিকে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর শাখা এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এসব সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন।