পেকুয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত

রিদওয়ানুল করিম:

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) উপজেলা নির্বাচন অফিস, পেকুয়া, কক্সবাজারের আয়োজনে পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আজিজ।

ব্রিফিংয়ে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ববণ্টন ও কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পেকুয়া থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *