যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় বিধবা নারীকে নির্যাতন, হাত ভেঙে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঁদাবাজদের নির্যাতনের শিকার হয়েছেন তাসলিমা নামে এক অসহায় বিধবা নারী। জীবিকা নির্বাহের তাগিদে তিনি যাত্রাবাড়ী চৌরাস্তায় পার্কের সামনে একটি ছোট চায়ের দোকান চালিয়ে আসছিলেন। তবে তার এই ক্ষুদ্র ব্যবসাই কাল হয়ে দাঁড়ায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী তাসলিমার অভিযোগ, এলাকার কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী তার দোকান থেকে নিয়মিত চাঁদা দাবি করত। তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ‘বিএনপির নাম ভাঙিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। অসহায় তাসলিমা প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে বাধ্য হয়ে ৩০ হাজার টাকায় মীমাংসার কথা বলেন। এর মধ্যে তিনি ২০ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ১০ হাজার টাকা পরবর্তীতে দেওয়ার আশ্বাস দেন।

কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে না পারায় গত ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে সন্ত্রাসী গেসু নামে এক চাঁদাবাজ তাকে অমানুষিকভাবে নির্যাতন করে। মারধরের একপর্যায়ে তার একটি হাত ভেঙে দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না। তাসলিমার ওপর হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ন্যায়বিচার দাবি করেছেন। পাশাপাশি সমাজের সচেতন মহল ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিনিয়ত এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপরাধ আমাদের আশপাশেই ঘটছে। সবাই এগিয়ে এসে সত্য প্রকাশ করলে তবেই অপরাধ দমন সম্ভব।”

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *