আলমাস হোসেন:
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রভাতে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির সামনে মাথা নত করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতির ইতিহাসের সঙ্গে নিজের দায়বদ্ধতার বার্তা দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। গম্ভীর পরিবেশে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই কর্মসূচির মধ্য দিয়েই নতুন সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।
এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক রাজনীতির দুই গুরুত্বপূর্ণ নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করবেন। সেখানে তাঁরা ফাতেহা পাঠ ও দোয়া করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কজুড়ে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়মিত মহড়া চালায়। পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়।
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার প্রথম কর্মদিবসে বুধবার তিনি সচিবালয়ে প্রথম অফিস করবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। এ উপলক্ষে সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।