রূপগঞ্জে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সেল্টার দেওয়ার অভিযোগ বিএনপি নেতা ফজলুল হকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মইকুলি এলাকার হোসেন প্রধানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আজগর আলী প্রধানের ব্যবসায় সেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাই তারাবো পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রধানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এলাকায় নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিভিন্ন ফ্যাক্টরিতে চাঁদা না দিলে গাড়িচালকদের মারধর করার অভিযোগও উঠেছে।

এক অনুসন্ধানে জানা গেছে, রূপগঞ্জের তারাবো পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধানের ভাতিজা রফিকুল, ভাতিজি আসমা ও বড় ভাই আজগর আলী প্রধান দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক ব্যবসা করে আসছেন। তাঁদের কাছ থেকে মাসোহারা নিয়ে সেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে এই বিএনপি নেতার বিরুদ্ধে।

এদিকে, গতকাল (১১ অক্টোবর) সন্ধ্যায় মইকুলি এলাকার এশিয়া এন্টারপ্রাইজের পাথরের কারখানায় জহির স্টিল মিলের গাড়িচালক নিজাম ও হেলপার সাখাওয়াত মাল নিতে গেলে চাঁদা না দেওয়ায় তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় লেবার সর্দার জগদীশ তাঁদের থামানোর চেষ্টা করলে তাঁকেও বিএনপি নেতা ফজলুল হক মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে তারাবো পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বহুবার তাঁদের পুলিশে দিয়েছি এবং আমি মাদকের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ করি। চাঁদাবাজির বিষয়ে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে।”

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার কাছে এ ধরনের কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন প্রাইম টেলিভিশনকে জানান, বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসআরবি-১১-এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজের সঙ্গে মুঠোফোনে এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *